আগামীকাল শনিবার কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা
আব্দুর রউফ ভুঁইয়া :কিশোরগঞ্জ প্রতিনিধি-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আগামীকাল শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা করবেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে আসছেন তাঁরা। এদিন বিকেলে কিশোরগঞ্জের স্বাধীনতা চত্ত্বর, পুরানথানা এলাকায় এ পথসভা করবেন তাঁরা।
জুলাই পদযাত্রা ও সমাবেশের প্রস্তুতি জানাতে শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫ টার দিকে আখরা বাজার চত্বরে জেলার নেতাদের এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। কিশোরগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি সফল ও বাস্তবায়নে সবার অংশগ্রহণ কামনা করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রিয় সংগঠক (উত্তরাঞ্চল) খায়রুল কবীর জানান, দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসাবে গত ২৪ দিনে ৫০ টি জেলায় এনসিপির কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসাবে আগামীকাল কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, আগামীকাল দুপুর দেড়টার দিকে মৌলভিবাজার থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিবেন এবং সন্ধ্যা ছয়টার দিকে কিশোরগঞ্জ পৌছবে বলে আশা করা হচ্ছে। পথিমধ্যে কিশোরগঞ্জের ভৈরব, বাজিতপুর ও কটিয়াদীতে তিনটি সংক্ষিপ্ত পথসভা করবে এনসিপি। কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুক্ত আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুউদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিদ আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদসহ অন্যান্য কেন্দ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে সংগঠক (উত্তরাঞ্চল) সাঈদ উজ্জল, সংগঠক (দক্ষিণাঞ্চল) আকরাম হোসেন রাজ, স্থানীয় সংগঠক ইকরাম হোসেন ও ফয়সাল আমেদ প্রিন্সসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































